October 8, 2026, 9:12 pm

‎রিনিঝিনি স্মৃতিরা ‎শামীমা নাইস

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ

‎তোমার দেওয়া সেই লাল শাড়িটা—
‎এক টুকরো গোধূলি যেন,
‎আমার সমস্ত আনন্দ,আহ্লাদ জড়িয়ে থাকত আঁচলে।
‎
‎সেই হাতভরা কাচের চুড়ি—
নদীর বুকে ভাঙা রোদের মতো,
‎নড়লেই বাজত রঙিন দিনের গোপন সুর।
‎
‎আর তুমি—
‎পরম মমতায় কাছে টেনে নিয়ে
‎পায়েলে জড়িয়ে দিতে কিছু অনন্ত মুহূর্ত,
‎গেঁথে দিতে কিছু নীরব ঝংকার,
‎যেন ভালোবাসা নিজেই
‎শব্দ হয়ে বাজতে শিখেছে।
‎
‎বলো তো,
‎এমন ক্ষণগুলো কি কখনও সত্যিই হারিয়ে যায়?
‎নাকি সময়ের গোপন অলিন্দে
‎অতৃপ্ত প্রদীপের শিখা হয়ে জ্বলে থাকে,
‎দেখা যায় না,তবু নিভেও না কখনও।
‎
‎বহু সময় পেরিয়ে গেলে,
‎হঠাৎ কোনো নির্জন বিকেলের জানালায়
‎স্মৃতিরা এসে আলতো কড়া নাড়ে,
‎মনে হয়—
‎কিছু কিছু মুহূর্ত  অতীত হয়না,
‎হৃদয়ের গভীরে রোপণ করা
‎চিরসবুজ বৃক্ষ হয়ে রয়ে যায়!
‎যার পাতায় পাতায়
‎মমতার রিনিঝিনি শব্দ ঝরে চিরকাল।