October 8, 2026, 11:25 pm

বারির গৌরবের ৫০ বছর পূর্তি উদযাপনের সূচনা

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর গৌরবের ৫০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বারির প্রধান কার্যালয়ে মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির কেক কেটে এ সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) দেশের সর্ববৃহৎ বহুমুখী ফসল গবেষণা প্রতিষ্ঠান। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি দানাজাতীয় শস্য, কন্দাল ফসল, ডাল, তেলবীজ, সবজি, ফল ও ফুলসহ প্রায় ২১২টি ফসল নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধী ও প্রতিকূল পরিবেশ সহনশীল জাত এবং ৬৯২টি আধুনিক উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বারির ইতিহাসে ১৯৭৬ সালের ৪ আগস্ট একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রপতির ৬২ নম্বর অধ্যাদেশের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারিকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন। এর ফলে দেশের কৃষি গবেষণার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় এবং বিজ্ঞানীদের স্বাধীনভাবে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে কৃষি গবেষণাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার এই উদ্যোগ দেশের কৃষি খাতে সুদূরপ্রসারী অবদান রেখেছে।
বারির ৫০ বছরের সাফল্যের পথচলা প্রমাণ করে, দূরদর্শী নেতৃত্ব, নিবেদিতপ্রাণ বিজ্ঞানী এবং কার্যকর পৃষ্ঠপোষকতার সমন্বয়ে কৃষি গবেষণায় বিশ্বমানের অর্জন সম্ভব। প্রতিষ্ঠানটির এ গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের বিজ্ঞানী, নীতিনির্ধারক ও কৃষকদের আরও আধুনিক, উদ্ভাবনী ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।