প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় শিবচরে অনুষ্ঠিত হয়েছে পার্টনার পিএফএস (ফার্মার ফিল্ড স্কুল) কংগ্রেস-২০২৬। মঙ্গলবার (২৩ জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ কংগ্রেসে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন ফার্মার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিস শিবচর এর আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন এইচ. এম. ইবনে মিজান, উপজেলা নির্বাহী অফিসার, শিবচর, মাদারীপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করতে কৃষকদের জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার কোনো বিকল্প নেই। ফার্মার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। তিনি কৃষকদের পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিযোজন কৌশল গ্রহণ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার,পার্টনার প্রকল্প, ফরিদপুর অঞ্চল, তাঁর বক্তব্যে বলেন,পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা। তিনি বলেন, কৃষক পর্যায়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ আলিমুজ্জামান খান উপজেলা কৃষি অফিসার, শিবচর। এ সময় তিনি বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে ফার্মার ফিল্ড স্কুল কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। মাঠ পর্যায়ে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের ফলে আধুনিক কৃষি প্রযুক্তি দ্রুত বিস্তার লাভ করছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বহুমুখী কৃষি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষকবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরিনা আলী, কৃষি সম্প্রসারণ অফিসার, শিবচর। কংগ্রেসে বিভিন্ন ফার্মার ফিল্ড স্কুলের সদস্যরা তাদের অভিজ্ঞতা, সাফল্যের গল্প এবং কৃষি উদ্ভাবন বিষয়ক উপস্থাপনা করেন। এ সময় কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার; হরিশ চন্দ্র বোস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; জাহিদুর ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা; এবং মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোগ উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, পার্টনার প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।