রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন, নগদ ৮৪ হাজার ২৫০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বসিরের নেতৃত্বে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২০ জুন ২০২৬ তারিখ রাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. সাচ্চু বিশ্বাসের নেতৃত্বে এএসআই (নিঃ) রাকিব হাওলাদার, এএসআই (নিঃ) রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পল্লবীর সেকশন-১১, ব্লক-ডি, রোড-২৭ এর একটি ভবনের ফ্ল্যাটে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. ইমরান ওরফে কাল্লু (২৬) এবং মো. চাঁন (২০)।
তল্লাশিকালে ১ নম্বর আসামি ইমরান ওরফে কাল্লুর কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৮৪ হাজার ২৫০ টাকা এবং একটি রেডমি-১০এ মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে ২ নম্বর আসামি মো. চাঁনের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বসির বলেন, “মাদক নির্মূলে পল্লবী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পল্লবী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।