গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান এলাকার বাসিন্দা কাশেম আলীর দুই ছেলে ওমর আলী ও মোঃ সোলায়মানের মধ্যে গরুর খামার ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
জানা যায়, এ বিরোধের জেরে গত ১ মে ২০২৬ তারিখে ওমর আলী গাজীপুর সদর মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে, সোলায়মান ওমর আলীর গরুর খামারের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অফিসে অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নার্গিস খানমের নির্দেশনায় গত ৭ জুন তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বাদী ও বিবাদী উভয় পক্ষকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। নির্ধারিত দিনে গাজীপুর মহানগরের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার গাজলী শাহ মাজার সংলগ্ন বাইতুল জাব্বার জামে মসজিদ প্রাঙ্গণে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে বাদী, বিবাদী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আলোচনাকালে উপস্থিত সাংবাদিক মাইনুল ইসলাম ইমন ও স্থানীয় কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনার পর ওমর আলী ও মসজিদ কমিটির কয়েকজন সদস্য অভিযোগ করেন, তারা বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মুখে রয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সরেজমিনে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা জানান, দুই ভাইয়ের বিরোধের কারণে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।