নগরজুড়ে শোক ও উদ্বেগ, আটক প্রধান অভিযুক্ত
সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছুরি আঘাতে নিহত হয়েছেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় পুরো নগরজুড়ে শোক, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।
জানা যায়, দুপুর প্রায় ১২টার দিকে কিনব্রিজ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনরত র্যাব সদস্য ইমন আচার্য এক মাদক ব্যবসায়ীকে আটক করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত আসাদউল আলম বাপ্পী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন ইমন আচার্য।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে ঘটনাস্থল থেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
র্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও প্রকাশ্যে এমন নৃশংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। নগরবাসীর দাবি, কিনব্রিজ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।