October 8, 2026, 5:24 pm

মাধবপুর হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সাইফুর রহমান, মাধবপুর উপজেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি পরিত্যক্ত ভবন থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের পুরনো এবং বিকৃত হয়ে যাওয়ায় লাশটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে তার মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে হাসপাতালের পেছনের পরিত্যক্ত মেডিকেল অফিসার্স কোয়ার্টার এলাকা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে হাসপাতালের কর্মচারীরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, “পরিচ্ছন্নতা কর্মীরা পরিত্যক্ত ভবনটি পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। লাশটি দীর্ঘ সময় ধরে সেখানে পড়ে থাকায় পচে বিকৃত হয়ে গেছে এবং হাড় বেরিয়ে এসেছে।” তবে এটি আত্মহত্যা নাকি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি জানান।
সংবাদ পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে এবং মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।