সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের চৌগাছার জনপ্রিয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার”। অসহায় এক পরিবারের জমজ দুই কন্যাশিশুর জন্য প্রয়োজনীয় গুঁড়ো দুধের সহায়তা প্রদান করে সংগঠনটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা যায়, চৌগাছা পৌরসভার তান্নিবাস কদমতলা গ্রামের ভ্যানচালক মোঃ ইউনুস আলী সীমিত আয়ে কোনো মতে সংসার চালান। এর মধ্যে তার মাত্র এক মাস বয়সী জমজ দুই কন্যাশিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

শিশুদের মা অসুস্থ থাকায় বুকের দুধ খাওয়াতে পারছেন না। ফলে শিশু দুটি গুঁড়ো দুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত দুধ কেনা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে।এমন পরিস্থিতিতে পরিবারটি “চৌগাছা পরিবার” স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সহযোগিতা চাইলে সংগঠনটি দ্রুত সাড়া দেয়। শুক্রবার (১ মে) বিকেলে সংগঠনের সদস্যরা শিশুদের জন্য ১৬ প্যাকেট গুঁড়ো দুধ (৫,১২০ টাকা মূল্যের) তুলে দেন।
উল্লেখ্য, এই সহায়তা কার্যক্রমটি দেশীয় ও প্রবাসী সদস্যদের সম্মিলিত অর্থায়নে সংগৃহীত অর্থে ক্রয় ও বিতরণ করা হয়েছে, যা সংগঠনের মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস,
সংগঠনের কেন্দ্রীয় কোষাধক্ষ্য মোঃ আছির উদ্দিন,
সংগঠনের জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সম্রাট শাকিল, পাতিবিলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নয়ন রহমান।
মোঃ রাকিবুল রনি, অরিত্র সরকার, সাব্বির আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এই মানবিক সহায়তা কার্যক্রমটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে বাস্তবায়িত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,“আমাদের মূল লক্ষ্য বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।
‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’—এই স্লোগানকে ধারণ করে আমরা অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি।”ইতোমধ্যে ‘চৌগাছা পরিবার’ এলাকায় মানবতা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।