October 8, 2026, 6:57 pm

নারীর নিরাপত্তা স্বাধীনতার সীমাবদ্ধতা নয়; বরং স্বাধীনতার ভিত্তি: মেঘনা আলম

স্টাফ রিপোর্টার:

পলিটিক্যাল এডুকেটর ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র মেঘনা আলম “Normalizing Safety: Confronting Online and Offline Misogyny” শীর্ষক Feminist Talk-এ অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করে নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও সমঅধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন।

আলোচনায় মেঘনা আলম বলেন, “নারীর নিরাপত্তা মানে তার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা নয়; বরং এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে নিরাপত্তা নারীর স্বাধীনতা, মর্যাদা ও সমান অধিকারকে আরও শক্তিশালী করে।”

Feminist Talk-এ দৈনন্দিন জীবনে নারীবিদ্বেষ বা misogyny, অনলাইন ও অফলাইন সহিংসতার পারস্পরিক যোগসূত্র, পিতৃতান্ত্রিক ক্ষমতাকাঠামোর নেতিবাচক প্রভাব এবং নারী-পুরুষ উভয়ের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিশ্চিত করা এবং নারীসহ সবার জন্য আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিসর তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মেঘনা আলমের বক্তব্যে উঠে আসে—নারীর নিরাপত্তার নামে তার চলাফেরা, স্বাধীনতা বা অধিকার সীমিত করা কোনো স্থায়ী সমাধান নয়। বরং প্রয়োজন এমন একটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ, যেখানে নারীরা ভয় ও বৈষম্য ছাড়াই নিজেদের অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারেন।

নিরাপত্তা কখনোই নারীর স্বাধীনতার মূল্য হবে না; বরং নিরাপত্তাই হবে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সমঅধিকারের শক্ত ভিত্তি।