বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।
সভায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. সফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সিংগাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আমজাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম, মোহাম্মদ আলী, আঃ গফুর, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের বিএনপি নেতা জাহিনুর রহমান সৌরভ এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তার ফজলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার অঙ্গীকারের দিন। দেশের মানুষের কল্যাণ, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।