October 8, 2026, 7:45 pm

সিংগাইরে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামরুল হাসানকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মোছা. ফজিলন নেছা জমির নামজারি (নাম খারিজ) করতে ভূমি অফিসে আবেদন করেন। ওই নামজারি সম্পন্ন করতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা তার কাছ থেকে ৩১ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া ভূমি অফিস পরিদর্শনে গেলে ভুক্তভোগী নারী সরাসরি তার কাছে অভিযোগ উপস্থাপন করেন। এ সময় বিভাগীয় কমিশনার বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্ত ও যাচাই-বাছাই করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত নায়েব মো. কামরুল হাসানকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিক সত্যতা পাওয়াই ভূমি উপসহকারীকে সাময়িক ব্যবস্থা সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া এ আদেশ দেন।