October 8, 2026, 6:55 pm

খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

এস এম নাজমুল হাসান,খুলনা:

গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে খুলনার স্যার ইকবাল রোড শাখায় নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১১ আগস্ট) ফিতা কেটে নতুন বুথটির উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) বিতান কুমার মন্ডল, এডিসি (রাজস্ব) মো. আক্তার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সোনালী ব্যাংক পিএলসি খুলনার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্ল্যা, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস এবং এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও স্যার ইকবাল রোড শাখার প্রধান মো. জুবায়ের হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, গ্রাহকদের ২৪ ঘণ্টা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য। নতুন এটিএম/সিআরএম বুথ চালুর ফলে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা দিন-রাত যেকোনো সময় নগদ টাকা উত্তোলন, জমা ও ব্যালেন্স চেকসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, গ্রাহকসেবার মান আরও বাড়াতে ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর এ ধরনের সেবা সম্প্রসারণ অব্যাহত থাকবে।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন বুথে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা থাকছে। পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে।