October 8, 2026, 11:21 pm

‘দিন-রাত পদ্মায় বালু উত্তোলন,বিপাকে শিবচরের মানুষ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পদ্মা নদীতে একের পর এক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে মাদারীপুরের শিবচরে। উপজেলার কাঁঠালবাড়ী, চরজানাজাত ও চরচান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নদী থেকে বালু তুলে বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, নির্বিচারে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেপারীচর বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচি থেকে দ্রুত ড্রেজার বন্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় আগামী কয়েক দিনের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাও করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে যত্রতত্র বালু উত্তোলন করা হচ্ছে। কাঁঠালবাড়ী, চরজানাজাত ও চরচান্দ্রা ইউনিয়নের নদীসংলগ্ন এলাকায় একাধিক ড্রেজার ব্যবহার করে বালু তোলার অভিযোগ রয়েছে। পরে এসব বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ,নদী থেকে পরিকল্পনাহীনভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ ও তীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে নদীতীরবর্তী জনপদে। বিশেষ করে ফসলি জমি ও বসতভিটা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।তাঁদের আশঙ্কা, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙনের মাত্রা আরও বাড়তে পারে। এতে বিপুলসংখ্যক মানুষ তাঁদের বসতভিটা ও কৃষিজমি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

মানববন্ধনে অংশ নিয়ে কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন বেপারী বলেন,কিছু অসাধু চক্র পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই কর্মকাণ্ডে সহযোগিতা করছেন।তিনি বলেন,নৌ-পুলিশের চোখের সামনেই এমন ঘটনা ঘটছে। কিন্তু দেখে মনে হয়, নৌ-পুলিশ কিছুই জানে না। তাহলে নৌ-পুলিশের কাজটা কী?

অ্যাডভোকেট নাসিরউদ্দিন বেপারী আরও বলেন, আমরা অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছি। নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাঁরা দ্রুত নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার অপসারণ এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা ঘোষণা দেন, আগামী কয়েক দিনের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারগুলো বন্ধ করা না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাও করা হবে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন,নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি শুধু পরিবেশের জন্য নয়, তাঁদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ এবং অবৈধ উত্তোলন পুরোপুরি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, আব্দুল মজিদ বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, ইউনিয়ন পরিষদের সদস্য মোতালেব বেপারীসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধন শেষে বক্তারা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নদীতীরবর্তী জনপদ, ফসলি জমি ও স্থাপনা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।