October 8, 2026, 11:25 pm

শিবচরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার,পালিয়েছে আরও দুইজন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অভিযুক্ত পালিয়ে যায়।

পুলিশ জানান জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবচর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,শিবচর উপজেলার ডি.সি. রোড সংলগ্ন পশু হাসপাতালের কাছে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মুহিদ মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও দুইজন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন আনু বেগম (৬০),স্বামী জালাল কাজী এবং জান্নাত আক্তার (৩৫), স্বামী খোকন বেপারী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পালিয়ে যাওয়া অভিযুক্তরা হলেন জালাল কাজী (৬০), পিতা মৃত মমিন উদ্দিন কাজী এবং খোকন বেপারী (৪০), পিতা মৃত খালেক বেপারী। পুলিশ জানিয়েছে, তারাও এলাকার চিহ্নিত মাদক কারবারি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।উদ্ধার করা গাঁজা থানা হেফাজতে রাখা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।