October 9, 2026, 1:47 am

শিবচরে কৃষকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শিবচর উপজেলা, মাদারীপুর:

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কৃষকদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে ইনতেফা কোম্পানির উদ্যোগে কৃষক ভাইদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির শরীয়তপুর টেরিটরির সিনিয়র টেরিটরি অফিসার আফজালুল হক জালাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার শিবচরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জুলহাস মিয়া।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হালান মাদবর এবং ইনতেফা কোম্পানির সম্মানিত রিটেলার মোঃ শিপন বেপারী।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনতেফা কোম্পানির এমপি ইমরান হোসাইন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কৃষকদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের গুরুত্ব এবং কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। পরে অতিথিবৃন্দ ও কৃষকদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় প্রধান অতিথি আফজালুল হক জালাল বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদের কৃষিকাজের পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথি মোঃ জুলহাস মিয়া কৃষকদের উদ্দেশ্যে বলেন,গাছ আমাদের পরিবেশ ও কৃষির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করলে পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকরা অর্থনৈতিকভাবেও উপকৃত হতে পারেন।

আয়োজকরা জানান,কৃষকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কৃষি ও পরিবেশের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিটি সম্পন্ন হয়।