মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর ও শিবালয়) আসনে ব্যাপক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এ. জিন্নাহ কবির। তিনি দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য একটি সবুজ, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি গাছ রোপণ করে তার পরিচর্যার দায়িত্ব নেওয়া।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।