তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে গাজীপুর মহানগরের গাছা থানার কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন মিয়া। এ সময় তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দেরও বৃক্ষরোপণে অংশ নিতে উৎসাহিত করেন।
উদ্বোধনী বক্তব্যে মো. শাহীন মিয়া বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। ক্রমবর্ধমান তাপমাত্রা, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে আচ্ছাদিত করা, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সবুজ রাখা সবার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, “শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি চারাকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেছা নাসরিন, শিক্ষক মো. আবুল হোসেন, মো. আব্দুস সামাদ, নুরুজ্জামান আনসারী, মিস সেলিনা খাতুন, রাজিয়া সুলতানা ও শাহানা আক্তার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা, সংরক্ষণ এবং বিদ্যালয়কে একটি আদর্শ ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।
স্থানীয়রা জানান, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ শুধু বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং বৃক্ষপ্রেমী নতুন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ভিত্তিক এমন কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে পরিবেশ রক্ষার পাশাপাশি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তা উল্লেখযোগ্য অবদান রাখবে।