গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চলমান বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের সদর থানাধীন পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর থানা পুলিশের এ সফল অভিযান পরিচালিত হয়।
জিএমপি সূত্রে জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি লাল রঙের TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিএমপির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জিএমপি জানিয়েছে, গাজীপুর মহানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।