ঢাকার কেরানীগঞ্জে সরকারি খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে খালের ওপর ও তীর দখল করে নির্মিত ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের ওপর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, সরকারের খাল খনন ও খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জের সব খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় খাড়াকান্দি খালের ওপর নির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত মার্চ মাসে এ খালটি খাল খনন কর্মসূচির আওতায় উদ্বোধন করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খালের ওপর বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছিল।
ইউএনও আরও বলেন, যারা খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এখনো সরকারি জমি দখল করে নিশ্চিন্তে আছেন, তারা দ্রুত সেই জায়গা ছেড়ে দিন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটি ধারাবাহিক উচ্ছেদ কার্যক্রমের অংশ।
তিনি জানান, অভিযানে খালের সীমানা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এতে খননকাজ পরিচালনার পথ সুগম হয়েছে। ভবিষ্যতেও খাল, ফুটপাত ও অন্যান্য সরকারি জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেলের জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।