‘আস্থায় অবিচল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলগেট সংলগ্ন ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখার ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তরিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল প্রধান মোঃ ইকরাম হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখার কর্মকর্তা মোরশেদা আক্তার ও শারমিন আক্তার। পরে আলোচনা সভায় ব্যাংকের অ্যাকাউন্টধারীরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ব্র্যাক ব্যাংকের অবদানের প্রশংসা করেন।
আলোচনা শেষে ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফলতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করা হয়।
উল্লেখ্য, দেশের ব্যাংকিং সুবিধাবঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে স্যার ফজলে হাসান আবেদ ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেন। প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানে অনাগ্রহী ছিল, তখন সেই শূন্যতা পূরণে ব্র্যাক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের যৌথ উদ্যোগে ব্যাংকটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ব্র্যাক ব্যাংক সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে আসছে। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও দ্রুত বর্ধনশীল বাণিজ্যিক ব্যাংক হিসেবে সুপরিচিত।