সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় গ্রামের একই পরিবারের পাঁচ ভাইয়ের পরিবার দীর্ঘ প্রায় দুই বছর ধরে বাড়িছাড়া জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন—নুর মিয়া, আবুল ফজল, মাওলানা আবুল কাসেম, আতাউর রহমান ও শফিকুর রহমান। তারা সবাই চাতলপাড় গ্রামের মৃত ছফা মিয়ার ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তারা প্রতিপক্ষের নির্যাতন, হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। একপর্যায়ে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা। এতে চরম নিরাপত্তাহীনতার কারণে পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।
পরিবারের সদস্য মাওলানা আবুল কাসেম এলাকায় একজন সম্মানিত ও সুপরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। পরিবারের দাবি, তিনিও একইভাবে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন বাড়িছাড়া থাকায় তাদের স্বাভাবিক জীবনযাপন, সন্তানদের পড়াশোনা ও জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদে নিজ বাড়িতে ফিরে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।