গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দিবাগতরাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের দিকনির্দেশনায় সাঘাটা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত ধারাবাহিক অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এর আগে একই হত্যা মামলায় আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ প্রধান আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ২১ জুন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও স্বল্প সময়ের মধ্যে একের পর এক আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।