‘দক্ষ শিক্ষক, উন্নত কৃষি শিক্ষা’ স্লোগানকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষকগণের পেশাগত সক্ষমতা উন্নয়ন” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কৃষি শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে কৃষি শিক্ষা উন্নীতকরণ এবং বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ জুন পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে কৃষি অনুষদের লেকচারার থেকে প্রফেসর পর্যায়ের মোট ৯২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপ-প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. রুহুল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান নির্ধারণে অ্যাক্রেডিটেশন একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রমকে সময়োপযোগী ও ফলাফলমুখী করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের কৃষি আজ প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী। সেই বাস্তবতায় কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে বিশ্ববিদ্যালয় সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে। এই প্রশিক্ষণ সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের জন্য সমসাময়িক ও গুরুত্বপূর্ণ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা। এ সময় ক্লাউড কানেক্ট এআই-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী কৃষি বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া বৈশ্বিক গবেষণায় অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন গাকৃবির সাবেক অধ্যাপক ড. এম. এ. করিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সাবেক মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর সাবেক অধ্যাপক ড. মো. জহির উদ্দিন।
প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় দিনে গাকৃবির ১০ জন বিশেষজ্ঞ অধ্যাপক তাঁদের নিজ নিজ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর কৃষি শিক্ষার বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা লাভের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি কৃষি অনুষদের শিক্ষকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।