সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাক্ষাৎকালে মেহেরপুর জেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং এলাকার চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। মেহেরপুর জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করে যাবো এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো।
অপরদিকে, অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে উভয় নেতা মেহেরপুরের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে জেলার রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসন—মেহেরপুর-১ ও মেহেরপুর-২—এর সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি।
তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কৃতি সন্তান এবং শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পুত্রবধূ। রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কারণে তিনি সংগঠনের ত্যাগী ও নির্যাতিত নেত্রী হিসেবে পরিচিত।
দলীয় ও সংসদীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে তিনি মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।