ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, মোহাম্মদপুর, ঢাকার উদ্যোগে “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬” রবিবার (২১ জুন) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য এবং ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় বা কলেজজীবনে পদার্পণ একজন শিক্ষার্থীর জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন দায়িত্ববোধের সূচনা করে। নবীন বরণ কেবল আনুষ্ঠানিক স্বাগত নয়; এটি জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মউন্নয়নের এক নতুন অভিযাত্রার সূচনা।”
তিনি আরও বলেন, “উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন বা সনদ লাভে সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, মানবিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। বর্তমান বিশ্বে প্রযুক্তি, উদ্ভাবন, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে চিন্তাশক্তি, নেতৃত্বগুণ, গবেষণামনস্কতা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, সেবামূলক উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে।”
তিনি শৃঙ্খলা, অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ নির্মাণে মনোনিবেশ করার আহ্বান জানান।
অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স দীর্ঘদিন ধরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পারিবারিক ও সামাজিক নেতৃত্ব বিকাশ এবং জীবনঘনিষ্ঠ জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানকার শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি জীবনব্যবস্থাপনা, সৃজনশীলতা, পেশাগত সক্ষমতা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মানসিকতা অর্জন করবে বলে আমি প্রত্যাশা করি।”
বক্তব্যের শেষে তিনি নবীন শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে এবং নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। তিনি বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ অধ্যাপক নূরুন নাহার বেগম। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।