June 21, 2026, 1:23 pm

বাবাকে কখনো মায়ের থেকে আলাদা করে দেখতে পারি না,হয়তো এটাই আমাদের এক ধরনের ব্যর্থতা-নূর মোহাম্মদ

আমির হোসেন,কালিয়াকৈর, গাজীপুর

বাবাকে মায়ের থেকে আলাদা করে দেখতে পারি না কখনো। হয়তো এটাই আমাদের এক ধরনের ব্যর্থতা। তাই মনে হয়, আলাদা বাবা দিবস বা মা দিবসের চেয়ে বিশ্ব বাবা মা দিবস হলে ভালো হতো।
বাবা দিবসে মায়ের কথা ভেবে মন খারাপ হয়। মনে হয়, আজ সম্মানটা বাবা বেশি পাচ্ছেন, মা যেন একটু আড়ালে রয়ে গেলেন। আবার মা দিবসে মনে হয়, আজ বাবা সম্মান পাচ্ছেন না। কারণ আমার কাছে বাবা মা দুজনই একই বৃক্ষের দুটি শাখা, একই আশ্রয়ের দুটি নাম।
আমি,এবং আমাদের ভাই এবং বোন, আমাদের মধ্যে কোথাও না কোথাও বাবার চরিত্রের ছাপ বহন করি। অন্যায়ের সঙ্গে সহজে আপস করতে পারি না, দুর্নীতির কাছে মাথা নত করতে চাই না। রাজনৈতিক ক্ষমতার মোহও কখনো আমায় টানে না। দেশকে ভালোবাসার যে অনুভূতি আমার মধ্যে আছে, তার অনেকটাই হয়তো বাবার কাছ থেকেই পাওয়া।
সময় মানুষকে বদলে দেয়। তাই পুরোপুরি বাবার মতো হতে পারিনি, কিন্তু তাঁর কাছাকাছি হতে পেরেছি, এটুকু বলতে পারি। শত কোটি টাকার প্রলোভন এলেও কারো দালালি বা অন্যায়ের কাছে মাথা নত না করার যে মানসিকতা, সেটিও বাবা ও মার কাছ থেকেই শেখা।
বিনম্র শ্রদ্ধা জানাই আমার সেই বাবাকে, ও মাকে যার কিছু গুণ আমার মধ্যে, আমার ভাইয়ের মধ্যে এবং
আমার বাবা এবং তাঁর বোনদের মধ্যে কখনো ঝগড়া হতে দেখিনি। আশ্চর্যের বিষয়, আমাদের চার ভাইয়ের মধ্যেও জীবনের এত দীর্ঘ পথচলায় কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। হয়তো পারিবারিক মূল্যবোধই আমাদের এমন করে গড়ে তুলেছে।
আমরা সবাই নিজের বাবা মাকে ভালোবাসি। প্রায় সবাই বলে, “আমার বাবা শ্রেষ্ঠ বাবা।” আমি সে কথা মুখে বলি না। চেষ্টা করি কাজের মাধ্যমে তাঁর শিক্ষা ও আদর্শকে ধারণ করতে।
তবে মাঝে মাঝে একটি প্রশ্ন জাগে। যদি সবাই নিজের বাবাকে সৎ, আদর্শবান ও শ্রেষ্ঠ মানুষ বলে মনে করে, তাহলে এই সমাজে দুর্নীতি করে কারা?
আজকাল বড় বড় অফিসাররা বড় বড় চুরি করে। আগে যারা ঘুষ দুর্নীতি করত, তারা বিষয়টা লুকিয়ে রাখত। অন্যায়কে অন্তত অন্যায় মনে করত। লজ্জা ছিল, সংকোচ ছিল, বিবেকের কাছে কিছুটা হলেও জবাবদিহি ছিল।
কিন্তু সময় বদলেছে।
এখন অনেকেই দুর্নীতির অর্থনৈতিক সাফল্যকে যোগ্যতা বলে চালিয়ে দিতে চায়। যে অর্থের উৎস প্রশ্নবিদ্ধ, সেটাই হয়ে ওঠে গর্বের বিষয়। যে সম্পদের হিসাব মেলে না, সেটাই হয়ে ওঠে সামাজিক মর্যাদার মাপকাঠি।
আর তখন ফেসবুকের পাতা ভরে যায় একটাই বাক্যে, “আমার বাবা শ্রেষ্ঠ বাবা।”
হয়তো সত্যিই শ্রেষ্ঠ। কারণ সন্তান তার বাবাকে ভালোবাসবেই। ভালোবাসা অন্ধ হয়, হিসাব জানে না। কিন্তু ভালোবাসা আর মূল্যবোধ এক জিনিস নয়। অনুভব আর অনুভূতির মধ্যেও ভীষণ পার্থক্য আছে।
অনুভব মানুষকে সত্যের সামনে দাঁড় করায়। অনুভূতি অনেক সময় সত্যকে আড়াল করে রাখে।
তাই আমি কাউকে বিচার করি না। শুধু ভাবি, যে সন্তান বাবার সম্পদের ছবি দেখে গর্বিত হয়, সে কি কখনো সেই সম্পদের উৎস নিয়েও প্রশ্ন করে? যে সমাজে অবৈধ অর্থ সম্মানের আসনে বসে যায়, সেখানে সততা ধীরে ধীরে দর্শকে পরিণত হয়।
আমরা সবাই বাবাকে ভালোবাসি। সবাই মাকে ভালোবাসি। কিন্তু বাবা মাকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তাদের ছবি পোস্ট করা নয়, তাদের আদর্শকে বাঁচিয়ে রাখা।
কারণ একজন সৎ বাবার সবচেয়ে বড় পরিচয় তাঁর ব্যাংক ব্যালেন্স নয়, তাঁর সন্তানের বিবেক।
আর একজন সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে কতবার “আমার বাবা শ্রেষ্ঠ বাবা” লিখেছে, তা নয়। সে তার বাবার নামের পাশে কতটুকু সততা যোগ করতে পেরেছে, সেটাই আসল পরিচয়।সাংবাদিক নূর মোহাম্মদ, দৈনিক অপরাধ দমন, বন্ধুদের সাথে আলাপচারিতা বিশ্লেষণ।