খুলনায় পুলিশ দম্পতির হাতে নির্মম গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিববাড়ী মোড়। আজ শুক্রবার সকাল ১১টায় খুলনা শিববাড়ী মোড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সামাজিক সংগঠন ‘খুলনা জাগ্রত তরুণ সংঘ’।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা হুমকিতে পড়ে। গৃহকর্মীর ওপর এমন অমানবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রতিবাদ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রায়হান তামিম তাঁর বক্তব্যে বলেন:
”অপরাধী যেই হোক না কেন, তার কোনো ছাড় হবে না। অপরাধীর কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক দল নেই—সে কেবলই একজন অপরাধী। আমরা অনতিবিলম্বে এই পুলিশ দম্পতির সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি আরও যোগ করেন, “ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে (কেএমপি) সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এই তৎপরতা যেন শেষ পর্যন্ত বজায় থাকে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়।”
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য শিশির রঞ্জন মল্লিক, নূর হাসান জনি এবং হোসেন মোহাম্মদ বাচ্চু।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম নেতা সাগর হাওলাদার। এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য:
ইরান শেখ
মোঃ ইমন বিশ্বাস
ইব্রাহিম হালদার বাবু
মোঃ জাহিদুর রহমান
শুভ
মোঃ জিসলান রায়হান রবিন
মোঃ আরমান শেখ
মোঃ আল-আমিনসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ সর্বস্তরের জনগণ।
মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই নির্যাতিত গৃহকর্মী ন্যায়বিচার না পায়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।