শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র্যালী ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইন ও ভিডিও শোতে সভাপতিত্ব করেন, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান (বাচ্চু) মাদবর। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য র্যালী ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে কনেশ্বর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা পর্ব শুরু হয়।
ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, আপনাদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত আছে, সেখানে গ্রাম আদালতের বিচার হয়। ছোট খাটো বিরোধ হলে আপনারা গ্রাম আদালতে আসবেন সুবিচার পাবেন। তিনি সকলকে গ্রাম আদালতে মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরও ঘোষণা করেন যিনি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে মামলা করতে পাঠাবেন তাকে পুরষ্কৃত করা হবে।
তারপর গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত বার্ষিক ক্যাম্পেইন, র্যালী ও ভিডিও শো অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, গ্রাম পুলিশ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সমন্বয় করেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী উৎপল মন্ডল।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচী স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে প্রানবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি এবং সেবার প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।