টাঙ্গাইলে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে টাঙ্গাইল শহরে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে সকাল দশটায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন শুরু হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের উন্নয়ন করা সম্ভব । টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি এর সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণও করা হয় । বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করছে। উল্লেখ্য জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার(৩০ মে)। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।