বাগেরহাটের রামপালে একটি মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের
১০-১২ জন আহত হয়েছে।
শনিবার (০২ মে) রাত ৯ টায় উপজেলা ভাগা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে রামপাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ভাগার সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। রাত প্রায় ২ টা পর্যন্ত ভাগাতে তিনি অবস্থান করা কালিন সময়ে অফিস ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের বাড়ির সামনের সরকারি রাস্তায় উত্তেজনা দেখা গেলেও কোনো হামলার ঘটনা ঘটেনি। হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ভাগা বাজারের পাহারারত ব্যাক্তিদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে। অফিস ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষের কেহই রামপাল থানায় লিখিতভাবে অভিযোগ করেনি।