গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাসের সাক্ষী-প্রাচীন তিন গম্বুজ জামে মসজিদ। শত শত বছরের পুরনো এই মসজিদকে ঘিরে এলাকায় গড়ে উঠেছে ইতিহাস, বিশ্বাস ও রহস্যের এক অনন্য সমন্বয়।
স্থানীয়দের ভাষ্যমতে, মসজিদটির বয়স নিয়ে রয়েছে নানা মতভেদ। কেউ বলেন এটি প্রায় ৫০০ বছরের পুরনো, আবার অনেকের মতে এর ইতিহাস ৭০০ বছরেরও বেশি প্রাচীন। সঠিক নির্মাণকাল সম্পর্কে নির্ভরযোগ্য লিখিত প্রমাণ না থাকলেও, এর স্থাপত্যশৈলী ও গঠন দেখে অনেকেই একে মুঘল আমলের স্থাপত্য নিদর্শন হিসেবে ধারণা করেন।
একতলা ও তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আজও তার প্রাচীন সৌন্দর্য ধরে রেখেছে। দেয়ালের নকশা, ইটের বিন্যাস এবং প্রবেশদ্বারের কারুকাজ-সবকিছুই যেন অতীতের এক জীবন্ত ইতিহাসের কথা বলে। সময়ের ধুলো জমলেও এর স্থাপত্যশৈলী এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে।
স্থানীয়দের বিশ্বাস, ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক মহান অলি-আউলিয়া এই অঞ্চলে আগমন করেন এবং তাঁর হাত ধরেই এই মসজিদটি নির্মিত হয়। সেই থেকে এটি ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে আসছে।
মসজিদের পাশেই রয়েছে একটি প্রাচীন কবরস্থান, যেখানে বহু ধর্মপ্রাণ ও সম্মানিত ব্যক্তির কবর রয়েছে বলে জানা যায়। স্থানীয়দের কাছে এটি একটি পবিত্র ও শ্রদ্ধার স্থান হিসেবে বিবেচিত।
এলাকাবাসীর মুখে প্রচলিত রয়েছে আরও একটি রহস্যময় গল্প। কথিত আছে, একসময় মসজিদে একটি বিশেষ পাথর ছিল, যার গায়ে ফারসি ভাষায় খোদাই করা লেখা ছিল। জনশ্রুতি অনুযায়ী, সেই পাথর নাকি কখনো কখনো ‘ঘেমে উঠত’, আর তার পরপরই নেমে আসত বৃষ্টি। যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবুও এটি স্থানীয়দের কাছে এক বিস্ময়কর ঐতিহ্য হিসেবে টিকে আছে।
প্রবীণদের মতে, একসময় এই স্থানে মক্তব, মাদ্রাসা ও অতিথিশালার অস্তিত্ব ছিল। সময়ের পরিবর্তনে সেগুলো ধীরে ধীরে রূপান্তরিত হয়ে বর্তমান মসজিদ, কবরস্থান এবং ঈদগাহ মাঠে পরিণত হয়েছে।
তবে দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা হওয়া সত্ত্বেও এটি এখনো যথাযথ সংরক্ষণ ও সংস্কারের অভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। ধীরে ধীরে প্রাচীন স্থাপত্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর জোর দাবি-এই ঐতিহ্যবাহী মসজিদকে যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারে তাদের ইতিহাস ও শেকড় সম্পর্কে।
তরফ কামালের তিন গম্বুজ জামে মসজিদ যেখানে ইতিহাস, বিশ্বাস, জনশ্রুতি ও রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ঐতিহ্য। যা আজও নীরবে সাক্ষ্য দিয়ে চলেছে শতাব্দীর পরিবর্তনের।