October 9, 2026, 2:01 am

আওনা ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান মিনারা বেগমের প্রতিবাদ সভা

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন পরিষদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া “মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত” অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আওনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ প্রতিবাদ সভায় তিনি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং অভিযোগকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে
আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
মিনারা বেগম বলেন, ইউনিয়ন পরিষদের কতিপয় ইউপি সদস্য একটি বিশেষ মহলের ইন্ধনে ব্যক্তিগত স্বার্থ হাসিল ও ফায়দা লুটতে পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, “২০২৫-২০২৬ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পসহ মোট ১৬টি উন্নয়ন কাজ সরকারি বিধিমালা অনুসরণ করে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি প্রকল্পের অর্থ সংশ্লিষ্ট সভাপতির নামে ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। এখানে চেয়ারম্যান বা সচিবের এককভাবে অর্থ উত্তোলনের কোনো সুযোগ নেই। তারপরও একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে পরিষদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, সম্মানি ভাতা প্রদান কিংবা সভায় প্রতিনিধিত্ব নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। পরিষদের রেজিস্টার খাতা ও সরকারি নথিপত্রে সব কিছুর স্পষ্ট প্রমাণ সংরক্ষিত রয়েছে। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তারা মূলত জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ইউপি সদস্য আলমগীর হোসেন, ফজর আলী, নাসির উদ্দিন, তোতা মিয়া ও আয়নাল হকসহ অন্যান্য বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হচ্ছে। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন,আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শিমুল, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউপি সচিব রাসেল মাহমুদ সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইউনিয়ন পরিষদকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।