মহেশপুর ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকালে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ১ এপ্রিল বুধবার ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল রাত আনুমানিক ১২:৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির একটি টহল দল মকরধ্বজপুর গ্রামের কারবালা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। হাবিলদার মাইন উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ এবং ১৯,৫৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৭৯ হাজার ৭৫০ টাকা।
অন্যদিকে, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় পৃথক দুটি অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। গত ৩১ মার্চ রাত ৯:৩০ মিনিটে কুমিরাডাঙ্গা বিওপির টহল দল বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরাপাড়া এলাকা থেকে দুজনকে আটক করে। আটককৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জিকাবাড়ী গ্রামের মনিন্দ্র সরকার (৬৯) এবং একজন নারী। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

এছাড়া, ১ এপ্রিল সকাল ৮:০৫ মিনিটে শ্রীনাথপুর বিওপির টহল দল শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের একটি কলা বাগান থেকে আরও তিনজনকে আটক করে। এদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে। তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।