October 8, 2026, 6:57 pm

তারেক রহমানের সঙ্গে আলমগীর নূরের সাক্ষাৎ ১৬ দফা স্মারকলিপি ও গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানের আমন্ত্রণ হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভা শেষে দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা ও সাংবাদিক মো. আলমগীর নূর। এ সময় তিনি ত্যাগী বিএনপি নেতাকর্মীদের ন্যায্য মূল্যায়ন ও পুনর্বাসনের লক্ষ্যে প্রস্তাবিত ১৬ দফা স্মারকলিপি, ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ’-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত পান্ডুলিপি এবং আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য সংগঠনটির দুই দশকে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন।
গত ৯ আগস্ট রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক সভা রাত ৯টা ১৫ মিনিটে শেষ হয়। সভায় বক্তব্য শেষ করে তারেক রহমান মঞ্চের মাঝখানে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আলমগীর নূর এগিয়ে গিয়ে নিজের নাম ও পরিচয় তুলে ধরেন। তারেক রহমান হাত বাড়িয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাতের সময় আলমগীর নূর তাঁর প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রের রাজনৈতিক দর্শনচর্চা, গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের বিষয়ে প্রস্তুত করা ১৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
এ ছাড়া ২০০৭ সালে প্রতিষ্ঠিত ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ’-এর আগামী ১২ অক্টোবর দুই দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আবেদন ও আমন্ত্রণপত্রও প্রদান করা হয়।
আলমগীর নূর বলেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নসংক্রান্ত প্রস্তাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে পারা তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা।
তিনি বলেন, “এই সাক্ষাৎকে আমি ব্যক্তিগত অর্জনের চেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনচর্চা, গবেষণা এবং ত্যাগী নেতাকর্মীদের ন্যায্য মূল্যায়নের দাবিকে দলের শীর্ষ নেতৃত্বের কাছে সরাসরি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।