October 8, 2026, 6:54 pm

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

মোঃ মনির হোসেন (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে দুপুরের খাবার তৈরি করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে ধারালো দা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ২০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের পশ্চিম উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নারীর নাম আরজুনা (৩৫)। তিনি ওই এলাকার শফিক মাঝির মেয়ে। স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে জামাল শিকদার (৪৪)-এর সঙ্গে আরজুনার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে—জান্নাত (১৭) ও ইয়াসিন আরাফাত (১১)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জামাল শিকদার একটি মাছের প্রজেক্টে কাজ করতেন। সোমবার দুপুরে প্রজেক্টে খাবার দিয়ে বাড়িতে ফিরে দুপুরের খাবার প্রস্তুত না পাওয়াকে কেন্দ্র করে স্ত্রী আরজুনার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে জামাল শিকদার ধারালো দা দিয়ে আরজুনাকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।