October 8, 2026, 6:57 pm

রাজশাহীতে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, লালপুর থানায় হস্তান্তর

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

র‌্যাব-৫ জানায়, গত ৩ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে র‌্যাব-৫ সদর কোম্পানি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাটোর জেলার লালপুর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. শরিফ খাঁ (১৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির পিতা মো. লিটন খাঁ। তার বাড়ি লালপুর উপজেলার শিবনগর (কলেজ মোড়) বাংলা এলাকায়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।