October 8, 2026, 8:24 pm

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ আগস্ট রবিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু শাওন নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের ৩০ মার্চ থেকে রবিবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ২ হাজার ৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫২ জন রোগী।