October 9, 2026, 3:08 am

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম এরপর বিয়ে

​নেত্রকোণা প্রতিনিধি, মহিউদ্দিন​

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
​শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে কনের বাড়িতে স্বজনদের পাশাপাশি চীনা যুবককে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় জমে।
​জানা গেছে, ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে ভাইয়ের সাথে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। অন্যদিকে কনে নাজমিন আক্তার লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন পৌর শহরের একজন ফার্নিচার ব্যবসায়ী।
​লিজার পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিনের সাথে লিজার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর উভয় পরিবারের সম্মতিতে গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। পরবর্তীতে গত ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লিজাকে বিয়ে করেন।
​কনের বাবা মো. নাজিম উদ্দিন বলেন, “বিয়ের আগে আমরা পাত্রের পারিবারিক পরিচয় এবং চীনা দূতাবাসের মাধ্যমে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করেছি। সব তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পরই আত্মীয়স্বজনের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়।”