গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাত ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকার একটি পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার সময় মো. জাহিদ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার পাথুরিয়া পাড়া গ্রামের মনতাজ মিয়ার ছেলে।
অভিযানকালে তার পরিহিত লুঙ্গির ডান কচা থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পরে উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার জাহিদকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।