ঝুম ঝুম বৃষ্টি চারিপাশ জুড়ে,
নাই ক্লান্তি তার শরীরে।
অবিরাম ধারা ঝরছে বৃষ্টি,
নদীতে জোয়ারের পানি ধরছে কুস্তি।
চারিপাশ যেন অসহায়,
বৃষ্টির দাপটে হচ্ছে সবই লয়।
চড়ুই ছানা তাকিয়ে আছে
আকাশের পানে, বৃষ্টি থামার অপেক্ষা।
পেট জুড়ে তার ক্ষুধার জ্বালা,
ঝুম বৃষ্টির দাপটে বাইরে যাওয়া মানা।
কোলা ব্যাঙ বেজায় খুশি,
নাচছে তাই, তাধিন তাধিন খাচ্ছে লুটোপুটি।
সন্ধ্যা হলে পুকুরের জলে বসছে মেলা,
গাইছে গান, বাজাচ্ছে হারমোনিয়াম তারা।
বৃদ্ধ দিনমজুর ঘরের কোণে বসে
ভাবছে কখন হবে বিরাম, যেতে হবে যে কাজে।
কিনতে হবে কাল চাল ডাল,
যদি না হয় আজ দিনে রোজগার।
কি দিয়ে চলবে সংসার,
মুখে তার চিন্তার ছাপ।
সবুজ বৃক্ষরাজি গায়ে দিয়েছে ঠেলা,
বৃষ্টির জলে ফিরে পেয়েছে সজীবতা।
এ ধরণী হয়েছে শীতল, লাগছে আরাম,
বৃষ্টি এসেছে, ধরা ভিজছে, সৌন্দর্য ছড়াচ্ছে কদম।