June 30, 2026, 3:45 pm
শিরোনাম:
গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মধ্যভাগ গ্রামের রাস্তা ইট সলিং কাজের উদ্বোধন অনুষ্ঠিত উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন রামগতির ‘আশ্রম-জনতা বাজার’ সড়ক এখন মরণ ফাঁদ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও রোগী রংপুরে বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে ঐতিহাসিক যমুনা নদীর জল চুক্তি রাজস্থান ও হরিয়ানার উত্তরাঞ্চলের তিস্তা নদী ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা

‎গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

‎মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল-সমাবেশ, স্লোগান, শব্দযন্ত্র ব্যবহার এবং লাঠি, অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

‎পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এ আদেশ জারি করেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার বরিশাল ইউনিয়নকে কেন্দ্র করে দুটি রাজনৈতিক দলের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং একই সময়ে পরস্পরবিরোধী কর্মসূচি ঘোষণার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তা নিশ্চিত ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে উপজেলার জুনদহ বাজার এলাকায় পূর্বের বিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

‎সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। গুরুতর আহত আব্দুস সামাদ মণ্ডলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

‎এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে উপজেলা বিএনপি। একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা জামায়াতে ইসলামী।

‎দুই পক্ষের একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা কার্যকর করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।