এইচএসসি পরীক্ষার্থী নুজহাতকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেফতার রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ২৮ জুন রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শাহরিয়ার আহমেদ সাকিনকে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। কাঠগড়ায় বসেই তাকে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে দেখা যায়। আদালতে শুনানির সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম কল ডিটেইল রেকর্ড (সিডিআর) উপস্থাপন করেন। তিনি বলেন, নগরীর অভিজাত হোটেল নর্থভিউয়ের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার আগে নুজহাতের সঙ্গে সাকিনের চারবার কথা হয়েছে। ১৬ জুন ভোরে তাদের মধ্যে ৫০ মিনিট কথা হয়। এছাড়া গত তিন মাসে দুজনের মধ্যে ১১৮ বার কথা হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের প্রধান আইনজীবী আব্দুল কাইয়ুম দাবি করেন, নুজহাত সাকিনের কাছে প্রাইভেট পড়তেন। তাদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীর বাইরে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ঘটনার দিন নুজহাত একাই হোটেলে গিয়েছিলেন, সেখানে সাকিন ছিলেন না। তবে বাদীপক্ষের আইনজীবী এএইচএম এ মুবিন দাবি করেন, দীর্ঘ সময় কথা বলা এবং নিয়মিত যোগাযোগের প্রমাণ তাদের মধ্যে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দেয়। সাকিন তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুজহাতের বাবা ও মামলার বাদী নূরুল ইসলাম বলেন, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চাই। গত ২২ জুন বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার হোটেল নর্থভিউয়ের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন এইচএসসি পরীক্ষার্থী নুজহাত। ওই রাতেই সাকিনকে প্রধান আসামি করে মামলা করেন নুজহাতের বাবা। রাতেই পুলিশ সাকিনকে গ্রেফতার করে।
পার্বতীপুর রেলহেড ডিপোতে ফ্রেন্ডশিপ পাইপলাইনে এসেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল
রংপুর ব্যুরো: দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। আজ ২৮ জুন রবিবার চলতি জুন মাসের শেষ চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। এ চালানের জন্য গত ২৬ জুন ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু করা হয়েছিল। এর আগে গত মে মাসে দুই দফায় ৮ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। পার্বতীপুর ডিপোতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয় এবং ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত চুক্তির আওতায় নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে। এর আওতায় গত এপ্রিল মাসে তিন দফায় ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। এরপর গত ২১ মে প্রথম চালানে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পৌঁছানো ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালানটি চলতি জুন মাসের শেষ চালান।