চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) সমর্থকদের পক্ষ থেকে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোটারদের সহযোগিতার কার্যক্রম পরিচালিত হয়েছে।
নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে স্থাপিত ধানের শীষের সহায়তা বুথে নেতাকর্মীরা ভোটারদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করেন। এ সময় বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
এ বিষয়ে বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের (২০১২ কমিটি) সাবেক সদস্য মোশাররফ হোসেন বলেন, “জাতীয় নির্বাচন-২০২৬ এ দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অবদান আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্ম-বর্ণের মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
তিনি আরও বলেন, “ভোটের দিন সনাতন সম্প্রদায়ের ভাইয়েরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাদের এই অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। ভবিষ্যতের স্থানীয় নির্বাচনগুলোতেও জাতীয়তাবাদী শক্তির পক্ষে আগের মতোই সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”
মোশাররফ হোসেন সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।