ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তির ক্ষতি সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ
সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তি উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইন শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, কলম ও মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের
ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়। জানাযায় বুধবার (১৭জুন) সকালে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল এন্ড কলেজসহ শহরের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ক্রমান্বয়ে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
এবিষয়ে জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সুস্থ্য, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।