পিরোজপুরের জিয়ানগর উপজেলার আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮। রোববার রাত ১০টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আত্মগোপনে থাকা কামাল পঞ্চায়েতকে আটক করা হয়। তিনি জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা কামাল গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন বলে র্যাব জানিয়েছে।
নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধ ও কথিত পরকীয়াজনিত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ বন্যা রানী পাল ও তার এক আত্মীয়কে থানায় নিয়ে যায়। মামলার তদন্ত চলমান রয়েছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান জানান, গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েতকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ মে জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের একটি বাড়িতে নমিতা রানী পাল (৬০) নিহত হন। এ ঘটনায় তার স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় হত্যা মামলা দায়ের করেন।