June 11, 2026, 4:03 pm
শিরোনাম:
খুলনা মেডিকেলে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনায় রোগীর মৃত্যুর অভিযোগ: ক্ষুব্ধ স্বজনরা রংপুরে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা গাইবান্ধার বড় মহানন্দপুর হামলা মামলা: আসামি গ্রেপ্তারে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী

রংপুরে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন দলের পক্ষের সমর্থকদের জার্সি ও পতাকা কেনার ধুম পড়েছে রংপুরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ঢেউ লেগেছে রংপুরে বিভিন্ন দলের জার্সি-পতাকায়। ১১ জুন থেকে ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এ খেলা ১৯ জুলাই পর্যন্ত চলবে। প্রতি ফুটবল বিশ্বকাপ আসরের ন্যায় এবারো বিশ্বকাপ খেলা মাঠে গড়ানোর আগেই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে বিভিন্ন দেশের দলের পক্ষে সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনার ঢেউ। বিভিন্ন দলের পক্ষে বিভিন্ন সংগঠন নামকরণ করে তাদের পরিচিত তুলে ধরছেন। শুধু তাই নয় বিভিন্ন দলের জার্সি গায়ে স্থানীয়ভাবে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে পাড়া-মহল্লার মাঠে। বিশ্বকাপের এ আসরে পতাকা ও জার্সি বিক্রির বাণিজ্যে চলছে। ফুটবলের মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে কে কত বড় পতাকা তৈরি করছেন আর কে ভালো জার্সি তৈরি করে গায়ে দিচ্ছে। এমন প্রতিযোগিতায় মেতে উঠেছে ফুটবল প্রেমিকরা। প্রিয় দেশের ও দলের জার্সি গায়ে জড়িয়ে টিভির বড় স্ক্রিনে খেলা দেখার চিরচেনা বাঙালির আবেগ আবারও ফিরে এসেছে নতুন রঙের মোড়কে।‎ জার্সি ও পতাকার পাশাপাশি বাজারে ফুটবল ও বুটের বিক্রিও জমজমাট চলছে। রংপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ নিজেদের পছন্দের দলের জার্সি সংগ্রহ করতে ভিড় করছে দোকানগুলোতে। বিশেষ করে ১০-৩০ বছর বয়সের যুবকরা, পিছিয়ে নেই বয়স্করাও। পাড়া-মহল্লার মাঠগুলোতে চলছে স্থানীয় পর্যায়ে বিশ্বকাপ আসরের অংশ গ্রহণকারী বিভিন্ন ফুটবল ক্লাবের বা দলের নামের জার্সি পড়ে প্রতিযোগিতার লড়াই। জানা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতিহাসে প্রথমবারের মতো এবার বিশ্বকাপে ৩২টি দেশের পরিবর্তে ৪৮টি দেশ ১২টি গ্রুপে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নেবে। পুরো টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রংপুরে বিভিন্ন মার্কেট বিশেষ করে ফুটপাত ও স্পোর্টস মার্কেটতে দেখা যায়, বিশ্বকাপকে সামনে রেখে জার্সি ও পতাকা বিক্রির ধুম পড়েছে। প্রতিবারের মতো বাংলাদেশে এবারো মাঠের বাইরে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। কেউ আসছে নিজের জন্য, কেউবা আসছে সন্তানের জন্য আবার কেউ আসছে সংগঠনের জন্য জার্সি ক্রয় করতে। রংপুরে দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের কয়েকটি সংগঠন। রংপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আফজাল বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও ম্যারাডোনার ভক্ত। পরে মেসির খেলা দেখার পর আমি মেসির ভক্ত হই। এবারো আর্জেন্টিনার জার্সি ক্রয় করেছি এবং বাসায় পতাকাও টাঙিয়েছি। তিনি আরও বলেন, প্রতিবারের মতো আমাদের সংগঠন আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে খেলা দেখার আয়োজন করা হয়েছে পাড়ার মাঠে টিভির বড় পর্দায়। ব্রাজিলকেন্দ্রিক সংগঠন ব্রাজিল ফ্যান্স ক্লাবের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু বলেন, ব্রাজিল এবারের ফুটবল বিশ্বকাপের মাঠে উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে। ব্যস্ততার কারণে আগের মতো ফুটবল বিশ্বকাপ বিশ্লেষণ করা হয় না। নেইমারের ফুটবল খেলার স্কিল আমার বরাবরই ভালো লাগে। পাশাপাশি আমার সন্তানরাও ব্রাজিলের সমর্থক। এবারের বিশ্বকাপটা ব্রাজিলই পাওয়া উচিত। আর্জেন্টিনা-ব্রাজিলের রেষারেষির বাইরে এবার অন্যান্য দলের প্রতিও ঝোঁক বেড়েছে রংপুরবাসীর। দেখা যাচ্ছে জার্মান, পর্তুগাল, জাপান, স্পেন, ফ্রান্সের জার্সি ক্রয় করেছে অনেকে আবার ইরানের জার্সিও ক্রয় করেছে। ফুটবল বিশ্বকাপ খেলার আমেজে চাহিদা তুঙ্গে থাকলেও কাপড়ের দাম এবং উৎপাদন সংকটের কারণে জার্সির দাম এবার কিছুটা চড়া বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। ৩৫০ টাকা থেকে শুরু করে ভালো মানের জার্সির দাম ১ হাজার টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ফুটবলপ্রেমী ক্রেতা সাধারণ। রংপুরের ফুটপাতের ব্যবসায়ী শাহ আলম ও জহিরুল ইসলাম বলেন, এবারের ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে জার্সি সংকট দেখা দিয়েছে, ফ্যাক্টরি থেকে পর্যাপ্ত পরিমাণে জার্সির প্রোডাকশন না দেওয়ায় এবার দাম প্রায় দ্বিগুণ। কাস্টমারদের চাহিদা অনুযায়ী জার্সি বিক্রি করতে হিমশিম খাচ্ছি। সুপার মার্কেটের খেলা ঘরের স্বত্বাধিকারী শুভ বলেন, ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে জার্সি বেচাকেনা বেশ ভালো হচ্ছে। আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি পর্তুগাল, স্পেন, ফ্রান্সের জার্সির চাহিদাও এবার ব্যাপক। তবে সিজন অনুযায়ী বেশি দামে ক্রয় করা হচ্ছে। বিক্রিও করতে হচ্ছে কিছুটা বেশি দামে। এছাড়া খেলার বুট ক্রয় করেছে অনেকই পাড়া-মহল্লার মাঠে খেলার জন্য। বিভিন্ন জার্সির দাম সম্পর্কে তিনি আরও বলেন, লোকাল জার্সি- সাড়ে ৩শ থেকে ৫শ টাকা, ফ্যান এডিশন জার্সি- ৫শ থেকে সাড়ে ৬শ টাকা, প্লেয়ার কপি জার্সি- ৯শ থেকে ১ হাজার ১শ টাকা, প্লেয়ার এডিশন জার্সি-১ হাজার ৫শ থেকে আড়াই হাজার টাকা। শিশুদের জার্সি- ২শ টাকা থেকে শুরু করে মানভেদে দ্বিগুণ মূল্যে বিক্রি করা হচ্ছে।