গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল আউয়াল সরকার (৫৬) নিহত হয়েছে। গত ২৪ মে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল সরকার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছিলেন। অবসরের পর বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল সরকার। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মো. আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও জড়িত চালককে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।