May 10, 2026, 9:28 am
শিরোনাম:
হাজিরহাটে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার স্তূপ: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে, হরমুজে তারাই বাধার সম্মুখীন হবে: ইরান দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী শপথের ঘণ্টা না পেরোতেই যা করলেন বিজয়, অবাক পুরো তামিলনাড়ু পার্কে বসে মাদকের হাট, মাঠে সারি দোকানপাট পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন মসজিদের ক্ষতিপূরণের টাকায় দ্বন্দ্ব, একই সমাজে নির্মাণ হচ্ছে দুই মসজিদ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না- আহমেদ আবু জাফর হরিণ বিক্রির ঘোষণা, কেনা যাবে ৫০ হাজার টাকায়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-এ প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক বিবৃতিতে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হকের নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো যোগ্য অধ্যাপককে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, কৃষিক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রম পরিচালনার মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়া প্রফেসর ড. এম. ময়নুল হককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে দাবি করেছে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির নেতারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যোগ্য ও অভিজ্ঞ অভ্যন্তরীণ কোনো অধ্যাপককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত বহু সিনিয়র ও অভিজ্ঞ অধ্যাপক রয়েছেন, যারা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রার্থীদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করা হলে তা শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক বার্তা দেবে এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
এছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত শিক্ষককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষক সমিতি। এতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক অর্জনের কথাও তুলে ধরা হয়। শিক্ষক সমিতির দাবি, Times Higher Education (THE), QS ও WURI-সহ বিভিন্ন বৈশ্বিক র‍্যাংকিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করে আসছে। পাশাপাশি লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
শিক্ষক সমিতির তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ৯৭টি উচ্চ ফলনশীল ফসলের জাত এবং ১৬টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সবশেষে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলরের নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো যোগ্য অধ্যাপককে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সরকারের কৃষি ও শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।