জাতিসংঘ জানিয়েছে, গত বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও উচ্ছেদ কার্যক্রমের কারণে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (OCHA) তথ্য উদ্ধৃত করে সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, উচ্ছেদ ও ভাঙচুর কার্যক্রমের ধারাবাহিকতা মানুষের বাস্তুচ্যুতি আরও বাড়াচ্ছে। শুধু মে মাসের প্রথম সপ্তাহেই ভাঙচুরের ঘটনায় ৪২ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় সামরিক সুরক্ষার মধ্যে অভিযান চালাচ্ছে। এতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও সম্পদ লক্ষ্যবস্তু হচ্ছে এবং নতুন করে বাস্তুচ্যুতি ঘটছে।
সূত্র: আল জাজিরা