May 7, 2026, 5:01 am
শিরোনাম:
রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের হুইপ-সংসদ সদস্য সহ বিশিষ্ট জনের সাথে সৌজন্য সাক্ষাৎ বাঁশখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপি জহিরুল ইসলামের মতবিনিময় সভা ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা তারাগঞ্জের কুর্শা ইউনিয়নে দোকানেই দারিদ্রের সঙ্গে যুদ্ধে করে চলছে  ১১ বছর বয়সী ছেলের  সংসার হরমুজ আগে, পারমাণবিক পরে- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র? ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কংগ্রেসের সমর্থন পেল টিভিকে; মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় বায়ার্নের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

বাঁশখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপি জহিরুল ইসলামের মতবিনিময় সভা

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী ,চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের নানা সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।


সভায় প্রধান শিক্ষকরা জানান, উপজেলার অনেক বিদ্যালয়ে এখনও পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা গড়ে ওঠেনি। বেশ কয়েকটি বিদ্যালয়ে ভূমি জটিলতার কারণে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও শিক্ষক স্বল্পতা, কোথাও নৈশপ্রহরীর অভাব, আবার অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বেঞ্চ ও আসবাবপত্র নেই। এছাড়া সুপেয় পানির সংকট, টিউবওয়েলের অভাব, ওয়াশব্লক না থাকা কিংবা অকার্যকর থাকা এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ও তুলে ধরা হয়।
প্রধান শিক্ষকরা আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা উপকরণ সরবরাহ, ডিজিটাল ক্লাসরুমের সুযোগ বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এখন সময়ের দাবি। তারা বিদ্যালয়ভিত্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের মূলভিত্তি। একটি শিশুর নৈতিকতা, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের প্রথম ধাপ শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই এ স্তরের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”


তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানকারী নন, তিনি একজন আদর্শ নির্মাতা। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় তিনি শ্রেণিকক্ষে পাঠদানের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক ও মনোযোগী হতে হবে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, “বিদ্যালয়গুলোর যেসব সমস্যা যৌক্তিক ও জরুরি, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। স্থানীয়ভাবে যেসব সমস্যা সমাধান সম্ভব, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে এবং জাতীয় পর্যায়ের বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ। তিনি বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক, কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জিএম সাইফুল ইসলাম, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. খালেদ হোসেন পিয়াস, উপজেলা প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সেলিম উদ্দিনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।